বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেছেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও সুসংহত হচ্ছে।
শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই সহযোগিতা কেবল মানবিক দায়িত্ব পালনেরই বহিঃপ্রকাশ নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও গভীর করেছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অঙ্গীকার ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং এই অংশীদারিত্ব আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখবে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
