যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো পরাশক্তির পর এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের ‘এলিট ক্লাবে’ নাম লেখালো প্রেসিডেন্ট এরদোয়ানের তুরস্ক। শব্দের চেয়ে ২৫ গুণ বেশি গতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্রের নাম ‘ইলদিরিমহান’। জানা গেছে, এর রেঞ্জ প্রায় ৬ হাজার কিলোমিটার এবং সবচেয়ে বড় আতঙ্ক এর ভয়ংকর গতি, যা বর্তমান বিশ্বের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করে দিতে পারে বলে দাবি করা হচ্ছে। শুধু ইলদিরিমহানই নয়, সাহা-২০২৬ প্রতিরক্ষা প্রদর্শনীতে সেলচুক বায়রাক্তার উন্মোচন করেছেন নতুন তিন ধরনের কামিকাজে ড্রোন, যেগুলো দলবদ্ধভাবে আক্রমণ চালিয়ে শক্তিশালী রাডার ফাঁকি দিতে সক্ষম। তুরস্কের বার্তা এখন স্পষ্ট—যুদ্ধে তারা আর কারও মুখাপেক্ষী নয়। যদিও রাশিয়ার সারমাত বা উত্তর কোরিয়ার হোয়াসং-২০’র রেঞ্জ আরও বেশি, তবুও তুরস্কের এই সামরিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ইরান-ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের এই শক্তি প্রদর্শন ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত নতুন উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি তুরস্কের নিরাপত্তায় ১৫০টি কম্পোনেন্ট সমৃদ্ধ বিশাল ‘স্টিল ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খবরও সামনে এসেছে। অর্থাৎ তুরস্ক এখন একইসঙ্গে আক্রমণাত্মক ও দুর্ভেদ্য প্রতিরক্ষা শক্তিতে পরিণত হওয়ার পথে। জানা গেছে, ২০২৬ সালের শেষ দিকে সোমালিয়ার উপকূলে এই ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা হতে পারে। প্রশ্ন উঠছে, ড্রোন প্রযুক্তিতে সফলতার পর তুরস্কের এই আইসিবিএম মিশন কি মুসলিম বিশ্বের নতুন নেতৃত্বের ইঙ্গিত?
