ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান এই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ তুললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করে বলেছেন, এটি ছিল মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যাওয়া তেহরানের আকাশ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তি নিয়ে দুই পক্ষের আশাবাদী বক্তব্য এবং ইসরাইলের আপত্তির মাত্র ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেও শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি দাবি করেন, তেহরানে চালানো হামলায় ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের হামলার পরও হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের তিনটি ডেস্ট্রয়ার। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দ্রুতগামী নৌযান ব্যবহার করে মার্কিন রণতরী লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অন্যদিকে ইরানও হামলার দায় স্বীকার করে বলেছে, হরমুজ প্রণালিতে ইরানি তেলের ট্যাংকারে হামলার জবাব হিসেবেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া আব্বাস ও কেশম বন্দরে হামলার বিষয়টিও যুক্তরাষ্ট্র স্বীকার করেছে।
